ছবিঃ সংগৃহীত
আওয়াজ ডেক্সঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “তিনি আমাদের জাতীয় চেতনার প্রতীক, আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ।”
রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের পরম প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তাঁর চির-অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। একইসঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আবির্ভাব ছিল পরাধীন ও পর্যুদস্ত জাতির জন্য আলোকবর্তিকার মতো। ঔপনিবেশিক শাসন, শোষণ, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও সকল অন্যায়ের বিরুদ্ধে তাঁর জীবন ও সাহিত্য ছিল এক অনন্য বিদ্রোহের প্রতীক।
তিনি আরও বলেন, মানুষ, মানবতা, স্বাধীনতা, শোষণমুক্ত সমাজ ও নারীমুক্তির পক্ষে নজরুলের মতো শক্তিশালী শিল্পসফল ভাষা আর কেউ রচনা করতে পারেননি। উপমহাদেশের পূর্ণ স্বাধীনতার দাবিও প্রথম উচ্চারণ করেছিলেন নজরুল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানসহ সব আন্দোলন-সংগ্রামে নজরুলের কবিতা ও গান অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। বাংলা সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অবদান জাতিকে আত্মপ্রত্যয়ী করে তুলেছে।
তিনি বলেন, “বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি এবং জাতীয় চেতনার প্রতীক।”
জাতীয় কবির জন্মদিনে অন্যায়-অবিচার, ক্ষুধা, দারিদ্র ও বিভেদমুক্ত সুখী-সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।