ছবিঃ সীমান্তের আওয়াজ
রকি হোসেন, নওগাঁ: ৩১ মে ২০২৬
"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাধন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১) মে রবিবার মির্জাপুর কৈলাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বালুভরা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও রবিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সার্বিক তত্ত্বাবধানে ছিল নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শকে ধারণ করে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।