ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ রুহুল আমিন পারভেজ, জেলা প্রতিনিধি জয়পুরহাট : ১৭ জুন ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নজরুল বর্ষ উদযাপনকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, সাংবাদিক আজিজার রহমান, আজিজুল হক, এস কে মুকুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় নজরুল বর্ষ উদযাপনকে সুষ্ঠু, সুন্দর ও বর্ণাঢ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত পরিবেশনসহ বিভিন্ন আয়োজন সফলভাবে বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ উপলক্ষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও প্রাণবন্ত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, আগামী ১৮, ১৯ ও ২০ জুন ক্ষেতলাল উপজেলায় তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।