ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধি ২১ জুন ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্তের চেচড়া মোড় বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ এক্সকাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
আটক ব্যক্তি উপজেলার রামভদ্রপুর গ্রামের আবু রায়হানের ছেলে শাহনূর হোসেন (৩২)। শনিবার (২০ জুন) রাত আনুমানিক ১০টার দিকে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান জানান, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চেচড়া মোড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহনূর হোসেনকে আটক করে তার কাছ থেকে ২০ বোতল নিষিদ্ধ এক্সকাফ সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।
ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, সমাজ থেকে মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ নির্মূলে পাঁচবিবি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।