ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২৮ জুন, ২০২৬
বগুড়া মহানগরের ইয়াকুবিয়ার মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য, খাদ্য তৈরির উপকরণ ও সরঞ্জাম সংরক্ষণ করা হচ্ছে। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে টক দই ও মসলাজাতীয় খাদ্য রাখা ছিল। এছাড়া নষ্ট ও ছত্রাক (ফাঙ্গাস) আক্রান্ত বাসমতি চাল দিয়ে কাচ্চি প্রস্তুতেরও প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে কিচেন ও স্টোররুমে ইঁদুরের অবাধ বিচরণ এবং বিভিন্ন খাদ্য সংরক্ষণ সামগ্রীর ওপর ইঁদুরের মলমূত্রও দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
এসব অনিয়মের দায় স্বীকার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাচ্চি ডাইনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে র্যাব-১২ ও জেলা পুলিশ।