ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৪ জুলাই ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে উপজেলার সালুয়া মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার রতনপুর গ্রামের জালাল হোসেনের ছেলে মামুনুর রশিদ (২৫)। বিজিবি সূত্রে জানা যায়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সালুয়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামুনুর রশিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় স্বর্ণসহ বিভিন্ন ধরনের চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।