ছবিঃ সীমান্তের আওয়াজ
ট্রান্সফরমার চুরির আড়ালে নৃশংস হত্যাকাণ্ড
শিবগঞ্জে ধান ভাঙা মিল মালিকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: ০৬ জুলাই ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফেনীগ্রামে ধান ভাঙা মিলের মালিক মুহাম্মদ আলী (৭০)-কে হাত-পা বেঁধে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মিলে ব্যবহৃত তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায় তারা। ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গতকাল রবিবার (৫ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার ফেনীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ আলী ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত একজন ধান ভাঙা মিল মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ মিলে পাহারার উদ্দেশ্যে ঘুমাতে যান মুহাম্মদ আলী। গভীর রাতে একদল দুর্বৃত্ত কৌশলে মিলের ঘরে প্রবেশ করে তার হাত-পা বেঁধে ফেলে এবং মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিলে ব্যবহৃত তিনটি মূল্যবান বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
নিহতের ছেলে মতিয়ার রহমান জানান, রাতে সেচ পাম্পসংক্রান্ত একটি বৈঠক শেষে তার বাবা বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে যথারীতি মিলে ঘুমাতে যান। সকালে স্থানীয়দের কাছ থেকে হত্যার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো বিরোধ বা পরিকল্পিত কারণ রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।