ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৮ জুলাই ২০২৬
মহান জুলাই স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন ছাত্রীদের প্রীতি মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মহিলা বিভাগের সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নীর সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের সম্পাদিকা খাদিজা রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীস স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার অধ্যক্ষ ড. ফাহমিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া কলেজের প্রভাষক সাইয়্যিদা ইফফাত আরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বদরুন্নেসা তানিয়া, আসমা সিদ্দিকা, মারুফা, রিজওয়ানা, নিশাত, মাওয়া, সায়মা, জিসান, নাঈমা ও মারিয়া।
আলোচনা শেষে শিল্পীদের পরিবেশনায় জুলাই জাগরণী সংগীত, কাওয়ালি ও দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়। এছাড়া একঝাঁক শিশু শিল্পীর অংশগ্রহণে জুলাইয়ের চেতনা ও দেশপ্রেমভিত্তিক বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে ড. ফাহমিদা সুলতানা বলেন, জুলাই আমাদের জাতীয় চেতনা, সাহস ও ঐক্যের প্রতীক। তরুণদের আত্মত্যাগ জাতিকে নতুন প্রেরণা দিয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী সকলের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়ের পথে এগিয়ে চলতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের সমাপ্তিতে জুলাইয়ের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তাহমিনা আক্তার।