ছবিঃ সীমান্তের আওয়াজ
জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ২১ জুলাই ২০২৬
জয়পুরহাটের কালাই উপজেলায় আব্দুল হান্নান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় এজাহারভুক্ত তহিদুল ইসলাম (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (২০ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের মশপুকরা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগে বলা হয়েছে, মাত্রাই বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল হান্নানকে কয়েকজন ব্যক্তি ডেকে নিয়ে যান। পরে তাকে নির্যাতন করা হয় এবং তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে আজাদুল ইসলাম মঙ্গলবার (২১ জুলাই) কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। এজাহারের অভিযোগ অনুযায়ী, নির্যাতনের সময় নিহতের অণ্ডকোষে রশি বেঁধে শারীরিক নির্যাতন করা হয় এবং তার মুখে বিষাক্ত পদার্থ ঢেলে দেওয়ার অভিযোগও করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তাধীন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত তহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।