ছবিঃ সীমান্তের আওয়াজ
রাজশাহী জেলা প্রতিনিধিঃ ২২ জুলাই ২০২৬
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ মো. ইকবাল হাসান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
ডিএনসি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ বাসে তল্লাশি চালিয়ে ইকবাল হাসানকে আটক করা হয়।
তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি অ্যাশ রঙের স্কুল ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো ও স্কচটেপে প্যাঁচানো ১৫টি পলিথিন প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ হাজার ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি Samsung Galaxy A16 অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ইকবাল হাসান রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার রামজীবনপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এই অভিযানের লক্ষ্য শুধু মাদক বহনকারীকে গ্রেপ্তার করা নয়; বরং উদ্ধার হওয়া মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ, প্রযুক্তিগত অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চালানের নেপথ্যে থাকা মূল হোতা ও মাদক সরবরাহকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের উৎস, পরিবহন নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।