ছবিঃ সীমান্তের আওয়াজ
মিজানুর রহমান (বগুড়া): ২৯ জুলাই ২০২৬
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় এবং ময়দানহাট্টা ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিকের দিকনির্দেশনায় বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে জনদুর্ভোগ লাঘব এবং কৃষিজমি রক্ষায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অত্র ইউনিয়ন যুবদলের সভাপতি আকরামুল আহসান শাহীর সার্বিক পরিচালনায় আজ সকাল থেকে দিনব্যাপী এই মহতী কার্যক্রম চলমান রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ময়দানহাট্টা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় প্রায় ৩০০ বিঘা আবাদি জমিতে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছিল। এর ফলে কৃষকরা ঠিকমতো ধান ও অন্যান্য ফসলের চারা রোপণ করতে চরম বিপাকে পড়েন এবং প্রতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তেন। কৃষকদের এই দীর্ঘদিনের দুর্দশা লাঘবে প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবী ও স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন ও সংস্কার কাজ পরিচালিত হচ্ছে।
আজ সকাল থেকে এলাকার শত শত মানুষ একযোগে এই স্বেচ্ছাশ্রম কার্যক্রমে অংশ নেন। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য খালের অবরুদ্ধ মুখগুলো পরিষ্কার ও খনন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, ময়দানহাট্টা ইউনিয়ন যুবদলের সভাপতি আকরামুল আহসান শাহী,তাঁতিদলের জয়েন্ট সেক্রেটারি আঃ মান্নান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন রহমান, হিরক, দিলবর রহমান, তরুন,আতাউর রহমান, সাইফুল ইসলাম, রাব্বি হাসান, জোবায়ের রহমানসহ পুনর্গঠিত ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় কৃষকরা জানান, ফসল রোপণের ভরা মৌসুমে জলাবদ্ধতার কারণে তাদের জমিগুলো প্রায় অনাবাদি পড়ে থাকার উপক্রম হয়েছিল। যুবদল সভাপতি শাহীর এই উদ্যোগ এবং ১৫০ জন স্বেচ্ছাসেবীর পরিশ্রমে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ সুগম হওয়ায় জমিগুলো খুব শীঘ্রই রোপণ উপযোগী হয়ে উঠবে। এতে কৃষকদের মাঝে নতুন করে আশার আলো ফিরে এসেছে এবং এই কার্যক্রমের ফলে স্থানীয় কৃষি উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।