ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ৫ আগস্ট ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও কবর জিয়ারত করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে শহীদ বিশাল সরকারের কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা ফজলুর রহমান সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, শহীদ বিশালের বাবা মাজিদুল সরকার, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনে শহীদ বিশাল সরকার নিহত হন। তাঁর আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের আয়োজন করা হয়।