ছবিঃ সংগৃহীত
স্টাফ রিপোর্টারঃ ১০ আগস্ট ২০২৬
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করা হয়। এ সময় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফল হস্তান্তর করেন।
ফলাফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে প্রায় ৩ দশমিক ৯৯ শতাংশ।
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
বোর্ডভিত্তিক পাসের হার
এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৭১ দশমিক ৬৩ শতাংশ। অন্যান্য বোর্ডের মধ্যে—
কুমিল্লা: ৬৫.৪২ শতাংশ
যশোর: ৬৬.২৭ শতাংশ
বরিশাল: ৬০.৩৫ শতাংশ
চট্টগ্রাম: ৫৯.৪৮ শতাংশ
সিলেট: ৫৮.৩৩ শতাংশ
দিনাজপুর: ৫৮.০৫ শতাংশ
ময়মনসিংহ: ৫৭.৩৯ শতাংশ
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
বিভাগভিত্তিক ফলাফলে সাধারণ এসএসসিতে পাসের হার ৬৪.০৫ শতাংশ, দাখিলে ৫৫.৪৯ শতাংশ এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৫৮.২০ শতাংশ।
যেভাবে জানা যাবে ফল
পরীক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবে। ফল পাওয়া যাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ eduboardresult.gov.bd.এব. educationboardresults.gov.bd ওয়েবসাইটে।
এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে লিখতে হবে:
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর>
এটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের জন্য: SSC DHA ROLL YEAR।
মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য: SSC MAD ROLL YEAR এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের জন্য: SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট
ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।