ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ‘Eskuf’ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল শনিবার (২২ আগস্ট) গভীর রাতে জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর চারমাথা এলাকায় পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁর বদলগাছী উপজেলার লালুহার ভান্ডারীপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে মো. সিয়াম হোসেন (২০) এবং একই উপজেলার উত্তর আক্কেলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. সজিব হোসেন (১৯)।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে এএসআই মো. মাসুদ রানা, মো. শামীম হোসাইন ও মো. ইব্রাহিম খলিল উল্লাহসহ ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবকের দেহ তল্লাশি করে ১০ বোতল ‘Eskuf’ নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।