ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৩ আগস্ট ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. হামিদুল রহমান গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।
গতকাল শনিবার (২২ আগস্ট) বিকেলে দলীয় নেতাকর্মী, কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় দোকানদার, ভ্যান ও রিকশাচালকসহ সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে হামিদুল রহমান শালপাড়া বাজার, আগাইর মোড়, মহিরের মোড়, পপির মোড়, মালিদহ মোড় ও ভেদলার মোড় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় হামিদুল রহমান বলেন, “বিএনপির জন্য আমি অনেক ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত হয়েছি। আগামীতে দল অবশ্যই আমাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেবে, ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন ও সহযোগিতা করবেন।”
তিনি আরও বলেন, জনগণের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আয়মারসুলপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
গণসংযোগে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান, বিএনপি নেতা আমজাদ হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সম্পাদক মাবুদ হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কর্মী-সমর্থক ও স্থানীয় ভোটাররা।
গণসংযোগ শেষে হামিদুল রহমান বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।