ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৪ নং বালিঘাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মহিলা দলের নেত্রী সিদ্দিকী পারভীন। তিনি বালিঘাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পোস্টার টাঙানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পোস্টারে তিনি বালিঘাটা ইউনিয়নবাসীর প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন। পোস্টারে তাঁকে "গরীব ও মেহনতী মানুষের প্রিয় বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর" হিসেবেও আখ্যায়িত করা হয়েছে।
প্রার্থিতার বিষয়ে সিদ্দিকী পারভীন বলেন, "আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে এলাকার সকল মানুষের সুখে-দুঃখে পাশে থাকব। নারী, শিশু ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব।"
এদিকে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরু হতেই স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নারী নেতৃত্বকে এগিয়ে নিতে এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও সমর্থকেরা।