ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি, জয়পুরহাট, প্রতিনিধিঃ ৩০ আগস্ট ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১ নম্বর বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রবীণ জনপ্রতিনিধি ও বিএনপি নেতা মো. মনিরুজ্জামান বাবুল। স্থানীয়ভাবে তিনি ‘বাবুল মুহুরী’ নামে পরিচিত।
সীমান্তঘেঁষা বাগজানা ইউনিয়নে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন বলে জানা গেছে।
পেশাগত জীবনে দলিল লেখক মো. মনিরুজ্জামান বাবুল বর্তমানে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি দলটির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
জনপ্রতিনিধি হিসেবেও রয়েছে তার অভিজ্ঞতা। ২০০৩ সালের বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়ে টানা প্রায় সাড়ে ৯ বছর দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১১ সালে ইউপি চেয়ারম্যান পদে এবং ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন।
ইউপি সদস্য থাকাকালে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কালভার্ট নির্মাণ ও সংস্কার, সরকারি সহায়তা বিতরণ এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখার দাবি করেন বাবুল মুহুরী। সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে বলে জানান তিনি।
চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়ে মো. মনিরুজ্জামান বাবুল বলেন, “জনপ্রতিনিধিত্ব আমার কাছে শুধু একটি পদ নয়; এটি মানুষের কাছে জবাবদিহিতা ও সেবার দায়িত্ব। বাগজানার মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি।”
তিনি বলেন, “বাগজানার অন্যতম বড় চ্যালেঞ্জ মাদক ও চোরাচালান। চেয়ারম্যান নির্বাচিত হলে প্রশাসন, বিজিবি, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। পাশাপাশি গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষকদের সহযোগিতা বৃদ্ধিতে কাজ করব।”
এদিকে সীমান্তবর্তী এই ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের সময় ঘনিয়ে এলে প্রার্থীদের তৎপরতা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।