ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি প্রতিনিধি: ১লা সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পাঁচবিবি রেলস্টেশন রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা, দলের আদর্শ এবং সাংগঠনিক ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্যও তুলে ধরেন।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সম্পাদক আবু সাইদ আহম্মেদ, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সম্পাদিকা গোলশান আরা গ্যালিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করার কথা রয়েছে। র্যালি শেষে পৌর পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।