ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি জয়পুরহাট, ২ সেপ্টেম্বর ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ২ নং ধরঞ্জী ইউনিয়নের সার্বিক পরিবর্তনের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন চেয়ারম্যান প্রার্থী আবু নছর চৌধুরী ফরহাদ।
দীর্ঘ ১৯ বছর ধরে সততা ও দায়িত্বশীলতার সাথে স্থানীয় ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সাধারণ মানুষের মাঝে তৈরি করেছেন সুদৃঢ় আস্থা।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ ১৯৯৭ সালে রতনপুর ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন। টানা ১৯ বছর দায়িত্ব পালনকালে তিনি গ্রাম্য শালিসে নিরপেক্ষ বিচারকাজ পরিচালনা করেন। পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে স্থানীয়দের নিকট আস্থার প্রতীকে পরিণত হন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি সমর্থিত এই নেতা দলের হাইকমান্ডের নির্দেশে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৬ সালের নির্বাচনে তিনি জেলায় সর্বোচ্চ ভোট পেলেও ক্ষমতার প্রভাব ও কারচুপির কারণে জয়বঞ্চিত হন বলে দাবি করেন। পরবর্তীতে ২০২২ সালেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। বিগত সরকারের সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও মাঠ ছাড়েননি তিনি।
আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি নিয়মিত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সালাম ও আদাব বিনিময়ের মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিএনপির স্থানীয় সকল অনুষ্ঠানেও সক্রিয় উপস্থিতি বজায় রাখছেন।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক, চোরাচালান, চুরি ও ছিনতাই প্রতিরোধকে তিনি প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এসব অপরাধ দমন করে এলাকাকে একটি নিরাপদ ও সুস্থ ধারার সাংস্কৃতিক- ক্রীড়াবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
নিজের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে ফরহাদ চৌধুরী বলেন, “আমি চেয়ারকে ক্ষমতার জায়গা নয়, বরং জনগণের সেবার দায়িত্ব হিসেবে দেখতে চাই। নির্বাচিত হলে পরিষদকে সম্পূর্ণ জনবান্ধব করা, দরিদ্রদের সরকারি সুবিধা নিশ্চিত করা, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়া এবং তরুণ সমাজকে খেলাধুলা ও সংস্কৃতিতে সম্পৃক্ত করাই হবে আমার প্রথম কাজ। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, নারীর স্বাবলম্বীকরণ এবং বাল্যবিবাহ রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।”
৪০ বছরের একঘেয়ে নেতৃত্ব ভেঙে ধরঞ্জী ইউনিয়নে নতুন অধ্যায়ের সূচনা করতে তিনি বদ্ধপরিকর। মাঠপর্যায়ে তাঁর কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে এবং জয়ের প্রত্যাশা নিয়েই ধরঞ্জীর মাঠে সোচ্চার রয়েছেন আবু নছর চৌধুরী ফরহাদ।