ছবিঃ সীমান্তের আওয়াজ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: ৪ অক্টোবর ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট মো. ছাইফুল ইসলাম।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন। তাঁর প্রত্যাশা, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে আলমপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অ্যাডভোকেট ছাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে আলমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়টি যে জায়গায় স্থাপিত, সেই জমিটি অ্যাডভোকেট ছাইফুল ইসলামের দান করা। ইউনিয়ন পরিষদের জন্য নিজস্ব সম্পত্তি দান করায় স্থানীয়দের মধ্যে বিষয়টি ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মো. ছাইফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আলমপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাকে নির্বাচনে অংশ নেওয়ার সাহস জুগিয়েছে। জনগণ আমাকে সমর্থন করলে সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হলে ইউনিয়নের নাগরিক সেবা সহজীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানসহ সামাজিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। আমি বিশ্বাস করি, আলমপুর ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন, ইনশাআল্লাহ।”
এদিকে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে অ্যাডভোকেট ছাইফুল ইসলামের নাম ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন মহলে আলোচনায় এসেছে বলে তাঁর সমর্থকরা জানিয়েছেন। জনগণের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ড নির্বাচনে তাঁর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।