ডিনস অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের কৃতী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান
স্টাফ রিপোর্টার: ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর এজিএস ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান ‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অনার্স পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ অর্জন করে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। এছাড়া মাস্টার্সের প্রথম সেমিস্টারে তিনি ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই অনুষ্ঠানে অনুষদের শিক্ষকদের নির্বাচিত সেরা গ্রন্থ ও নিবন্ধের জন্যও পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মহিউদ্দিন খানের বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়। তার এ অর্জনে জয়পুরহাটের শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।