জয়পুরহাটের দোয়ানি বাজারে পাচারের সময় জব্দ করা ২০ বস্তা সরকারি সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করছে উপজেলা প্রশাসন। ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ২০ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সার পরে সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়েছে।
গতকাল শনিবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজার এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার পাওয়া যায়। জব্দ করা সারগুলো স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে মোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার মেসার্স শাহীন ট্রেডার্সের মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের এসব সার নওগাঁর ধামইরহাটে পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
সার পাচার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে ইউএনও মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের চেষ্টার অভিযোগে পলাতক শাহীন কাদির ও অজ্ঞাতনামা পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম ও পাচার ঠেকাতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।