ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ ২০ সেপ্টেম্বর ২০২৬
আসন্ন জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সম্ভাব্য প্রার্থিতার পক্ষে প্রচার-প্রচারণা দেখা যাচ্ছে।
জয়পুরহাট জেলা সদরে জন্ম ও বেড়ে ওঠা গোলজার হোসেন নব্বই দশকের আগে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে গোলজার হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তাকে কারাবরণ করতে হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে পারিবারিক ও আর্থিকভাবেও তিনি ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন তার কর্মী-সমর্থকরা। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে তারা জানান।
মেয়র পদে নির্বাচন করার আগ্রহের বিষয়ে গোলজার হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি করার কারণে জীবনে অনেক কষ্ট ও আর্থিক ক্ষতির শিকার হয়েছি। তবুও কখনো বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের ছেড়ে যাইনি। সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতায় আমি জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক।”
তিনি আরও বলেন, “মেয়র নির্বাচিত হতে পারলে জয়পুরহাট পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গড়ে তুলতে চাই।”
তবে নির্বাচনে তার প্রার্থিতা চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে দলীয় সিদ্ধান্ত এখনো প্রকাশ্যে আসেনি। ফলে জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত কে মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ রয়েছে।