জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা বিএনপির সমাবেশে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। তবে সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়। এ লক্ষ্যে সংবিধান সংস্কারের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে সংসদের বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের সদস্যপদও রাখা হয়েছে। তিনি বিরোধী দলের সদস্যদের বৈঠকে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “আপনারা সেই বৈঠকে আসেন, আলোচনা করেন। আমরা সংবিধান সংশোধন করি। আমরা চিরতরে এদেশে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন বন্ধ করে দেই।”
দেশের সাম্প্রতিক সংকট প্রসঙ্গে আব্দুল বারী বলেন, সরকার সংকট মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয় করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রয়েছে এবং রপ্তানি বাড়ছে। পাশাপাশি দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলেও দাবি করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।