ছবির ক্যাপশনঃ
পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধিঃ ১ অক্টোবর ২০২৬
দিনাজপুরের পার্বতীপুরে ৮৫০ পিস নিষিদ্ধ ও বিপজ্জনক নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মৃত ঘুটুর ছেলে মো. শাওন ইসলাম (৩০), তার স্ত্রী দিপা আক্তার শিরিনা এবং পার্বতীপুর উপজেলার ছোট বৃত্তিপাড়া গ্রামের জাহেদুল হকের ছেলে মো. মেহেনুর রেজা (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পার্বতীপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাহেব আলীর নেতৃত্বে একদল পুলিশ ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই তিনজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে অবৈধ ৮৫০ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী জানান, জব্দকৃত মাদকসহ আসামিদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।