ছবির ক্যাপশনঃ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৬ অক্টোবর ২০২৬
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরবর্তীতে স্থানীয় জনতা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানে বিএসএফের এই পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং বিজিবি সদস্যরা তাদের পুনরায় ভারতীয় সীমান্তে ফেরত পাঠায়।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে জয়পুরহাট সদর উপজেলার সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তে ২৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বিএসএফ ওই তিন যুবককে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। এরপর তারা বাংলাদেশের সীমানার ভেতরে প্রায় দুই কিলোমিটার ঢুকে কড়িয়া বাজারে চলে আসেন। বাজারে তাদের পরনের ভেজা কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ ও আটক করা হয়। পরবর্তীতে ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি কড়িয়া ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তিন যুবককে আটক করে ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে ভারতীয় সীমান্তে ফেরত পাঠান।
স্থানীয় বাসিন্দা মারুফ হোসেন ও আইয়ুব হোসেন জানান, যুবকদের পড়নের কাপড় ভেজা ও আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাদের সাথে কথা বলেন এবং মূল ঘটনা জানতে পারেন। সীমান্ত ঘেঁষা মাঠে কাজ করা স্থানীয় বাসিন্দা আজিম হোসেন জানান, সকাল সাড়ে ৭টার পর বিজিবি সদস্যরা ওই ৩ যুবককে ২৭৬ নম্বর পিলারের কাছে নিয়ে ফেরত পাঠান।
দুপুর ১২টার দিকে রামকৃষ্ণপুর সীমান্তে সরেজমিনে গিয়ে দেখা যায়, ২৭৬ নম্বর মেইন পিলার থেকে প্রায় ৩০০ গজ ভেতরে সড়কের ওপর বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীরাও পাহারা দিচ্ছেন। আর আটক হওয়া তিন যুবক তখন ভারতীয় সীমানার অভ্যন্তরে অবস্থান করছিলেন।
এ ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প এবং বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে বেলা ১১টার দিকে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে প্রথম দফার বৈঠকে বিএসএফের নজিরবিহীন এ কর্মকাণ্ডের কোনো সুরাহা হয়নি।
বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন নিশ্চিত করে বলেন, বিএসএফ তিন যুবককে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল, কিন্তু বিজিবি তাদের উদ্ধার করে পুনরায় ভারতের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। এ বিষয়ে বিএসএফের সাথে প্রথম দফার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি। এ নিয়ে পুনরায় পতাকা বৈঠক আয়োজনের আলোচনা চলছে।