
ছবিঃ সীমান্তের আওয়াজ
জয়পুরহাটে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি এনসিপি’র
স্টাফ রিপোর্টারঃ ৮ আগস্ট, ২০২৫
জয়পুরহাটে একটি কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ও স্মারকলিপি দেয়ার ছবি প্রকাশ করে এ দাবি জানান।
স্মারকলিপিতে আরো বলা হয়, জয়পুরহাট জেলার পাহাড়পুর, ইটভাটা এলাকা এবং খনিজসম্পদে ভরপুর অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনের লক্ষ্যে এই অঞ্চলে বিজ্ঞানমনস্ক শিক্ষা প্রতিষ্ঠার এখনই উপযুক্ত সময়।
এনসিপির নেতা ওমর আলী বাবু বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জন অপরিহার্য। জয়পুরহাটের শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ তৈরি হলে তারাও জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।





















