
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৩ মে ২০২৬ ইং,শনিবার
জয়পুরহাটের পাঁচবিবি পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” জাতীয় কর্মসূচির আওতায় শনিবার পাঁচবিবি উপজেলায় ব্যাপক আকারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় হাজারো চারা।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-মামুন মিয়া। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার। তাদের হাতে গাছের চারা তুলে দেওয়ার অর্থ হলো ভবিষ্যতের জন্য সবুজ পৃথিবী নিশ্চিত করা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন। তিনি জানান, পাঁচবিবির প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ধাপে ধাপে ৫ হাজারের বেশি চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আম, জাম, কাঁঠাল, মেহগনি, নিম, অর্জুন ও তুলসীর মতো উপকারী গাছ রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জনাব মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান, পাঁচবিবি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোছাঃ মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান এবং পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস।
অনুষ্ঠানে শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা অংশ নেন। চারা গ্রহণ করে বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম বলেন, “এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করবে। আমরা নিজেরাও স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়মিত করব।”
জেলা প্রশাসক জানান, সরকারের নির্দেশনায় “সবুজায়নে ভরবে দেশ, ৫ কোটি বৃক্ষরোপণে গড়ব পরিবেশ” স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি চলবে। এর অংশ হিসেবে রাস্তার দু’পাশে, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে।
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এমন উদ্যোগ পাঁচবিবির পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য সবুজ জেলা উপহার দেবে।



















