প্রকাশের সময় :
০৮:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
47
ছবিঃ সীমান্তের আওয়াজ
মাদক, জলাবদ্ধতা ও ভূমিদস্যুতা রোধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ১৩ জুন ২০২৬
জয়পুরহাট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদকমুক্ত জয়পুরহাট গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণ, পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য জয়পুরহাট গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আব্দুল বারী। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।