
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ০৬ জুলাই ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২ নং ধরঞ্জী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নতুন নেতৃত্ব ও জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন তরুণ সমাজসেবক ও সাংবাদিক মোঃ সাকিব ইসলাম। মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে ওয়ার্ডবাসীর কাছে ব্যাপক সাড়া ফেলেছেন এবং গণসংযোগের মাধ্যমে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করছেন।
মোঃ সাকিব ইসলাম বলেন, “জনপ্রতিনিধিত্ব কোনো ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার একটি পবিত্র দায়িত্ব। জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি জানান, নির্বাচিত হলে ওয়ার্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন।
তরুণ এই প্রার্থী আরও বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। ব্যক্তিগত স্বার্থ নয়, জনকল্যাণই আমার একমাত্র অঙ্গীকার। আপনাদের ভালোবাসা, দোয়া ও ভোট পেলে ৯ নং ওয়ার্ডকে একটি আদর্শ, মাদকমুক্ত, নিরাপদ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে স্থানীয় অনেকেই মনে করছেন, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসা এই তরুণ প্রার্থী আগামী দিনে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করে মোঃ সাকিব ইসলাম বলেন, “চলুন, সবাই মিলে আমাদের স্বপ্নের ওয়ার্ড গড়ি। উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় একসাথে কাজ করি।”























