
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ): ২০ জুলাই ২০২৬
নওগাঁর সাপাহারে শিশু ও নারীর প্রতি সহিংসতা এবং ক্ষতিকর সামাজিক প্রথা প্রতিরোধে কমিউনিটি ফ্যাসিলিটেটর ও পিয়ার লিডারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে Prevention of Violence and Harmful Practices Against Children and Women in Bangladesh (PVHP) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন এবং জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা রত্না মূর্মু।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি ফ্যাসিলিটেটর ও পিয়ার লিডাররা অংশগ্রহণ করেন। এতে শিশু সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ক্ষতিকর সামাজিক প্রথা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























