
ছবিঃ সীমান্তের আওয়াজ
নাটোর প্রতিনিধিঃ ২৯ জুলাই ২০২৬
নাটোরের লালপুর উপজেলার একটি মুরগির খামারে শেয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাব প্রামাণিক (৫৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব প্রামাণিক ভাটপাড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ছফের প্রামাণিকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খামারি রায়হান উদ্দিন তাঁর মুরগির খামারকে শেয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে খামারের চারপাশে জিআই (গ্যালভানাইজড আয়রন) তারের বেষ্টনী স্থাপন করেন। অভিযোগ রয়েছে, রাতের বেলায় ওই তারে বিদ্যুতের সংযোগ দেওয়া হতো।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শিহাব প্রামাণিক ছেলে সোহানের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে রাতের কোনো এক সময় বাড়ির পাশের খামারের দিকে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
























