
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার: ৩ আগস্ট ২০২৬
বগুড়ার শেরপুর উপজেলার ছনকা এলাকায় ঢাকা-টু-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ছনকা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাঁনকুড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)।
শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১৮-২১৮৫ নম্বরের একটি ট্রাক মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১২-৫৪৫৫ নম্বরের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত সাতজন যাত্রী আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাছুদুর রহমান ও নয়নকে মৃত ঘোষণা করেন। আহত অন্য পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
























