
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটির নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। জেলা কমিটির বর্তমান আহ্বায়কের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হোসেন রনজুকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নাগরিক পার্টির জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়কের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত মো. নুরুল হোসেন রনজু ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. গোলাম কবীরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু বলেন, গত ২ জুলাই জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগের জন্য আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি জয়পুরহাট জেলা আহ্বায়ক পদটি শূন্য ঘোষণা করেছে।
তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মো. নুরুল হোসেন রনজুকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ইঞ্জিনিয়ার মো. গোলাম কবীরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ওমর আলী বাবু আরও বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাট জেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম পূর্বের মতোই অব্যাহত থাকবে। নতুন কমিটি গঠন বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মো. নুরুল হোসেন রনজু ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
























