
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবি প্রতিনিধি:
১৮ আগস্ট ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অভিযোগে রুবেল হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে পাঁচবিবি পৌরসভার রেল কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সিনিয়র এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এসআই মো. সাখাওয়াত হোসেন, এএসআই মো. সাজেদুর রহমান, এএসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মো. সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামের সাহেব আলীর ছেলে রুবেল হোসেনকে অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, রুবেল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলে আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
























