
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি প্রতিনিধি, জয়পুরহাট ২৭ আগস্ট ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ নম্বর আয়মারসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি শুরু করেছেন বিএনপি নেতা মো. হামিদুর রহমান। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও জনসমাগমস্থলে তাঁর ছবি সম্বলিত বড় বড় ব্যানার ও পোস্টার শোভা পাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের প্রধান প্রধান বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে হামিদুর রহমানের ছবি সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। এসব ব্যানারে তাঁকে ‘আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ব্যানারে বিএনপির প্রতীক ধানের শীষ এবং দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি রয়েছে।
ব্যানারে হামিদুর রহমান আয়মারসুলপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এতে ইউনিয়নের উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন, সততা ও স্বচ্ছতার সঙ্গে জনসেবা নিশ্চিত করা, যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ছে। এরই অংশ হিসেবে হামিদুর রহমান নিয়মিতভাবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে মানুষের সঙ্গে কথা বলছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রবীণদের দোয়া এবং তরুণদের সমর্থন কামনা করছেন বলে জানা গেছে।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির বিষয়ে হামিদুর রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং স্বচ্ছতার সঙ্গে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্ব দেবেন।
এদিকে নির্বাচন সামনে রেখে আয়মারসুলপুর ইউনিয়নে ব্যানার-পোস্টারের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।






















