
ছবিঃ সীমান্তের আওয়াজ
নিজস্ব প্রতিনিধিঃ ৩ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলালে রাতের আঁধারে দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি লাউ ক্ষেতের সব গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক শরণ্যচন্দ্র বর্মন ও তার পরিবার।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়তারা ইউনিয়নের হার্টশহর গ্রামের সোনারপাড়া ফসলি মাঠে গিয়ে দেখা যায়, কেটে দেওয়া লাউ ক্ষেতের পাশে বসে কান্নায় ভেঙে পড়েছেন কৃষকের স্ত্রী মাধবী রানী।
কৃষকের দাবি, এনজিও থেকে ঋণ নিয়ে ১৬ শতাংশ জমি বর্গা নিয়ে লাউ চাষ করেছিলেন তিনি। লাউ ধরার আগেই রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছগুলোর গোড়া কেটে দিয়েছে। ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত কৃষককে ভবিষ্যতে সরকারি প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।
এদিকে ক্ষেতলাল থানার ওসি বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























