
জয়পুরহাট শহরের বারিধারা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে
৭ দিনব্যাপী কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার: ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে সাত দিনব্যাপী মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের বারিধারা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফুল ইসলাম। কর্মসূচিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ জুয়েল ও তৌফিক এলাহীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ স্প্রে করার পাশাপাশি সড়কের পাশ, ড্রেন, ঝোপ-ঝাড়সহ বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ড্রেন ও আশপাশের এলাকায় পানি ও ময়লা-আবর্জনা জমে আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই জেলা যুবদলের উদ্যোগে সাত দিনব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জয়পুরহাট শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলেও মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
























