
ছবিঃ সীমান্তের আওয়াজ
পাঁচবিবিতে ৪৫০ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিলেন এমপি ফজলুর রহমান সাঈদ
স্টাফ রিপোর্টারঃ ২৪ সে ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট জেলার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। জেলার জন্য বরাদ্দকৃত ১০ লাখ টাকার মধ্যে পাঁচবিবি উপজেলায় ৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ (এমপি)।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় পাঁচবিবি উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৪৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ১ হাজার টাকা করে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, “ঈদ মানেই আনন্দ ও সম্প্রীতি। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে মানবিক দায়িত্ব পালন করতে হবে। সরকারের এই সহায়তা দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এ ধরনের সহায়তা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার), সহকারী সেক্রেটারি আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের এই মানবিক উদ্যোগ এবং এমপি ফজলুর রহমান সাঈদের সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন। ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে ঈদের আনন্দের পাশাপাশি মানবিকতা ও সামাজিক সহমর্মিতার বার্তাও ছড়িয়ে পড়ে।





















