
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধিঃ ৫ মে ২০২৬
জয়পুরহাট: আল্লাহর অশেষ রহমতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান। তিনি উপজেলা কাব লিডার ও এএলটি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জানা যায়, মিজানুর রহমানের আন্তরিক প্রচেষ্টা ও দক্ষ প্রধান শিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছর পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রাথমিক স্কুল সমাপনীতে পিএস এওয়ার্ড অর্জন করে পাঁচবিবি উপজেলা স্কাউটসের মুখ উজ্জ্বল করছে। স্কাউটিং কার্যক্রমে শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ ও ভালো ফলাফলের কারণেই এবার তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আনন্দ প্রকাশ করেছেন। সবাই মিজানুর রহমানের সাফল্যে গর্বিত।
এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিজানুর রহমান বলেন, শিক্ষকতা ও স্কাউটিং আমার কাছে শুধু পেশা নয়, নেশা। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলীতে গড়ে তোলার চেষ্টাই আমার মূল লক্ষ্য। বিভাগ থেকে এবার জাতীয় পর্যায়ে আমাদের মুখ উজ্জ্বল হবে ইন শা আল্লাহ। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সবার দোয়া ও শুভ কামনা কামনা করেছেন তিনি।

























