
ছবিঃ সীমান্তের আওয়াজ
পার্বতীপুর ,দিনাজপুর, প্রতিনিধি: ১২ জুন ২০২৬
দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়| র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়|
পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন|
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, সরকারের তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি তামাকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন| তামাকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে এ আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে|
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই পারে একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে| তাই এখন থেকেই তামাককে ‘না’ বলতে হবে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে|
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাকজনিত রোগে প্রতিবছর অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে| তাই নিজেদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে হবে এবং সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে|
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তামাক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়|






















