
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ ২৭ জুন ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় উপজেলার সম্প্রসারিত উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুল হাই-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। তিনি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তি, নৈতিকতা ও সচেতনতার চর্চার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিতর্ক প্রতিযোগিতার বিচারক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা, সদস্য মেজবাউল ইসলাম রাজা, জেসমিন সুলতানাসহ কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।


























