
ছবিঃ সীমান্তের আওয়াজ
বগুড়া প্রতিনিধি: ২৭ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগর শাখার উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ জুন) সকালে সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বটতলা থেকে র্যালিটি শুরু হয়ে তিনমাথা রেলগেট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বনানী, কলোনী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও সাতমাথা প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত দৃষ্টিনন্দন প্ল্যাকার্ড বহন করেন এবং পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় বিভিন্ন স্থানে সাধারণ মানুষ হাত নেড়ে র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
র্যালি শেষে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির বগুড়া মহানগরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারি শফিকুল ইসলাম, আইন সম্পাদক আল জাবের হক্কানী এবং প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন।
সমাবেশে খন্দকার হাবিবুল্লাহ বলেন, মাদক বর্তমানে পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এটি যুবসমাজের সম্ভাবনাকে ধ্বংস করছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করছে। পাশাপাশি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে শতভাগ মাদকমুক্ত রাখতে সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস যেন মাদক সেবন ও বিক্রির নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর সহযোগিতা প্রয়োজন।


























