
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ০৪ জুলাই ২০২৬
‘নজরুল বর্ষ’ (২৫ মে ২০২৬–২৫ মে ২০২৭) উপলক্ষে জেলা প্রশাসন, জয়পুরহাটের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী নজরুল উৎসবের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের শেষ দিনে কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীতকে ঘিরে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (জয়পুরহাট জেলা শাখা)-এর আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল ওয়াহাবসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতার চেতনা নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, নজরুলের সাম্য, স্বাধীনতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর চিন্তা ও দর্শন আমাদের অনুপ্রাণিত করে।
তিন দিনব্যাপী এ উৎসব ঘিরে জেলার সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং নজরুলের আদর্শ ধারণ করে সাংস্কৃতিক চর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।























