
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ৬ আগস্ট ২০২৬
জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন এবং অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে ১১ দলীয় ঐক্য, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে মো. ফজলুর রহমান সাঈদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা আন্দোলনের চেতনা ধারণ করে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং জুলাই সনদের বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।
কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
























