
ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নির্বাচনসংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে। ফলে সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ নির্বাচনকে দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীরও দৃষ্টি রয়েছে। নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। এটি তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ও সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
সিইসি জানান, ১৯৯১ সালের পর দেশে আর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে দীর্ঘদিন পর এ ধরনের নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান ও কর্মকর্তার জন্য এটি নতুন অভিজ্ঞতা। নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও মহড়া সম্পন্ন করা হয়েছে, যাতে পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ঘাটতি না থাকে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালার বিষয়ে তিনি বলেন, ১৯৯১ সালের আইন ও রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালার আলোকে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় সংসদের অধিবেশন বর্তমানে না থাকলেও শুধু রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য সংসদের বৈঠক আহ্বান করা যায়। নির্বাচনী কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সংসদ সদস্যরা ভোট দেবেন।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ৩৪৯ জন। আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতাসহ জাতীয় সংসদের সদস্যরা এ নির্বাচনে ভোটার হিসেবে ভোট দেবেন।
ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে লাইভ সম্প্রচারের ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। বিকেল ৫টায় ভোট গণনা শুরু হলেও তা সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর চলে যেতে বাধ্য নন। তারা ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। ফলে এ নিয়ে কারও আপত্তির কারণ থাকার কথা নয়।
ভোট গণনার ফলাফল ঘোষণার বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, কত ভোট বাতিল বা নষ্ট হয়েছে—সব তথ্য বিস্তারিতভাবে ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।


























