
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচিতে নিজ হাতে কোদাল নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ ২০ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান নিজ হাতে কোদাল নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ধলাহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, জেলা কৃষকদলের সদস্যসচিব মঞ্জুরে মওলা পলাশসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারীরাও সক্রিয়ভাবে অংশ নেন।
পরে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক প্রকল্প সভাপতিদের হাতে তুলে দেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
























