
ছবির ক্যাপশনঃ
স্টাফ রিপোর্টারঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও সংগীতকে স্মরণ করে নজরুল বর্ষ উপলক্ষে জয়পুরহাটে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘জয়পুরহাট সংগীত চক্র’ আয়োজিত এ অনুষ্ঠানে গীতিকবি তাজ বিন নূরের স্বরচিত গান ও কবিতা পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে নজরুলের দুটি সংগীতের পাশাপাশি গীতিকবি তাজ বিন নূরের ১৭টি স্বরচিত গান এবং ‘বিদ্রোহী নই’ শিরোনামের একটি স্বরচিত কবিতা পরিবেশিত হয়। শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় আবেগঘন ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ।
অনুষ্ঠানে জয়পুরহাট, বগুড়া ও নওগাঁ জেলার জেলা ও দায়রা জজ পদমর্যাদার চারজন বিজ্ঞ বিচারকসহ বিচার বিভাগের অন্যান্য বিচারক, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলার বিজ্ঞ জিপি অ্যাডভোকেট সালামত আলী, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর মোমেন ফকির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হারুনুর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার রংপুরের তালিকাভুক্ত শিল্পী ড. জাফর ইমাম, জাকিয়া ফারহানা চৌধুরী, রতন মালি, আবুল কালাম, অনুপ, মিজানুর, মো. হাসান, নয়ন ও ডা. জান্নাতুল নূরী ইরা।
এ ছাড়া নওগাঁর কণ্ঠশিল্পী এনামুল হক মধুর একক ও যৌথ সংগীত পরিবেশনা দর্শক-শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। বিশেষ করে বাবা ও মাকে নিয়ে রচিত তাঁর গান উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে আবেগ ও প্রশংসার সঞ্চার করে।
অনুষ্ঠানে আগত দর্শক-শ্রোতারা বলেন, নজরুলের সৃষ্টিকর্ম ও সুস্থধারার সংগীতচর্চাকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অপসংস্কৃতির বিস্তারের মধ্যে সুস্থ ও সৃজনশীল সংস্কৃতির চর্চা বাড়াতে নিয়মিত এমন সংগীতানুষ্ঠান আয়োজনের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।


























