
ছবির ক্যাপশনঃ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৬ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি মহিলা কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগতম ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা।
গত বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে এ উপলক্ষে এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অধিকার, ছাত্রদলের রাজনৈতিক আদর্শ, দর্শন, গণতন্ত্র, নারীর অধিকার ও নারীর রাজনৈতিক অংশগ্রহণ বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা এবং নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় বক্তারা নারীদের শিক্ষা, সম্মান, ন্যায্য অধিকার ও সামাজিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি পৌর মহিলা দলের নেত্রী নিলুফা ইয়াসমিন ও গুলশান আরা গেলিন। এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন, কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোছাঃ দুলালী খাতুন, সহ-সভাপতি মোছাঃ মুসকুরা মিম সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।



























