
ছবির ক্যাপশনঃ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১ অক্টোবর ২০২৬
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, প্রবীণ প্রতিনিধি তাইজুল ইসলাম, বন্ধন এনজিওর পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জনাব মো. নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার রবিউল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন ও পৌরসভার ফিল্ড সুপারভাইজার মো. মুরাদ ইসলাম, আটাপুর ইউনিয়ন ফিল্ড সুপারভাইজার দেব দুলাল পাহান, আতিকুর রহমান, মাহাবুব আলম, আমিনুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “প্রবীণরা সমাজের বোঝা নন; বরং তাঁরা দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের এক অমূল্য ভান্ডার। পরিবার ও সমাজে প্রবীণদের যথাযথ সম্মান, সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সমাজ ও পরিবার গঠনে প্রবীণদের অবদান অনস্বীকার্য এবং তাঁদের জীবনলব্ধ অভিজ্ঞতা নতুন প্রজন্মের দিকনির্দেশক হিসেবে কাজ করে। জীবনের শেষ দিনগুলোতে প্রবীণরা যেন একাকিত্ব ও অবহেলার শিকার না হন, সেদিকে সবাইকে সচেতন হতে হবে।
প্রবীণদের কল্যাণে সামাজিক নিরাপত্তামূলক সরকারের বিভিন্ন উদ্যোগের (যেমন বয়স্ক ভাতা) কথা তুলে ধরে বক্তারা বলেন, সরকারি সহায়তার পাশাপাশি পরিবার ও সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে, যাতে প্রবীণরা একটি মর্যাদাপূর্ণ ও নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারেন।

























